Friday, August 3, 2012

কোনো কথা আসেনা










শব্দ গহ্বরে গভীরে ডুব দিই
নতুন কোনো কথা আসেনা কলমে।

হৃদয় চেঁছে তোলা প্রেমের সব বিষ
জমছে ধমনীতে মৃত্যু ইশারায়--
যদিও ঢের বাকী জাগতে আনুবিশ
ধ্বংস ধেয়ে আসে আগুন পাহাড়ায়।

আগুন নিভে যাবে, জলের আদরে।
আদর ক্ষয়ে যাবে, সময় পোহালে।
সময় চলে যাবে যেখানে ছায়াপথ
তারার আলো মাখা আগুনে ডুবে যায়...

আগুন গহ্বরে শব্দ হাতড়াই।
নতুন ভাষা যদি কলমে খুঁজে পাই,
আদরে, আব্দারে আগুনে সাঁতড়াই,
                                            আদরে ....

Saturday, July 21, 2012

চল ফিরি...











ফালতু পথ স্বপ্নহীন
একটা গান বেসুরে
আসছে কাল শুধবো ঋণ
কাজ পেলে, সুদ সমেত।


কথার দাম, কমছে কই
বাজারদর যাচ্ছেতাই
নীল আলো নিভছে ঐ
ঠিক যেন রূপকথাই।


তারচে চল গা ভাসাই,
জুটবে ঠিক পেটের ভাত।
স্বপ্ন পথ, তরল ছাই
তোর সাথে একটা রাত...


রাত পোহালে আবার সেই ব্যাস্ত দিন
এধার ওধার গন্ধ শুঁকে গোয়েন্দা,
মাইক্রো-ফিনান্স, ধান্দাবাজির সুযোগ নিন,
বুক পকেটে লুকোনো সুখ বারান্দা।


সুখের ভ্রমর, বুক আর কোমড়, লাবন্যে
আটকে যাওয়া চটচটে ঘাম, ঠোঁটের দাগ
শরীর জুড়ে অসময়ের ভৈরবী রাগ---
তুই আর আমি চল ফিরি সেই অরন্যে...

Tuesday, June 12, 2012

যোগ-বিয়োগ









নষ্ট কোনো রাতে ছিল স্বর্গীয় ইশারা .
আগুন নিভে ছাই জমেছে,
আঁধার গলে জল--
স্পষ্ট আজও ভোরের আলোয় শরীরী চেহারা...


অলৌকিক লৌকিকতায় ঘুম ভাঙ্গছে  তোর.
শরীর কবেই ঘুমিয়ে গেছে,
মনও মরা কাঠ--
বইতে হবেই নষ্ট জীবন, স্পষ্ট জীবনভর...

Wednesday, May 30, 2012

যেমন  কবিতার  কথালাপ  ...

     




















              (১)

দিগন্ত  পুড়ছে দেখো সূর্যাস্তে.
আগুন  ঝরছে সময়ের  দু-কাঁটায়, 
জীবনের  সব  রং ঝলসেছে নীল  বিষে
শরীরের  প্রেম  ঝরে দু-ফোটায়
                                        চোখে...

                (২)

আমাকে দেখছি মরা কাকের  চোখে জল,
রাংতা ছাড়ালে সবই  গোল,  ফুটবল,
সমস্যা আজগুবী, সমাধান  ও  হতাশ
তবুও  খুঁজছি, পোড়া মনের  হাহুতাশ.
স্বপ্নের  ডানা নেই,  শুকনো গোলাপ--
আহুতিতে আছে  শুধু  গ্লানি.
জন্মদাগের  মতো কালো অভিশাপ, 
আগুনের  দাম,  আমি জানি
গোপন   অন্ধকারে রক্তের  ছাপ
সইবে না, ওগো দরদিনী...

              (৩)

তুমি নাকি ভুলেই  গেছো আমায়  আজ?
অন্য কারো সঙ্গীপ্রিয়া, 'আমার'  না !
চাঁদ  ছুঁয়েছ ,  আকাশ - কুসুম  সাফল্য
ঝড়ের  মুখে তলিয়ে গেছে আমার  নাম !
তোমার  দেহে টাটকা আমার  প্রেমের  দাগ,
তোমার  মুখে মিথ্যে কথা মানায়  না ...


#"ছেঁড়াখাম" (২০০৮)  পত্রিকায়  পূর্বে প্রকাশিত 

Tuesday, January 24, 2012

রূপকথা, তোমায় ভালবাসি















রূপকথার রূপ ভালোবাসি,
কথা, ছাতিম ফুল, অসময়ের হাসি.

ভোর আমার, ভোর তোমার
অন্তহীন  আলো, রাশি রাশি.

রাশি, রূপ কথা ভালোবাসি,
সোহাগ তন্দ্রা বুকের ভিতর
কলম কালি, রূপ কথা মাখামাখি.

তোমায়  আজও লিখে রাখি
রূপকথায়  ভালোবাসি.








Thursday, December 1, 2011

মৃতালাপ













বিছানায় এখনো লেগে আছে
চটচটে সুখ...
টিভির নীলচে স্ক্রীনে হঠাত থমকে গেছে
দ্রুত ওঠাপড়া...
মেঝেয় শোয়ানো তুমি,
মনে হচ্ছে ঘুমাচ্ছ হাজার বছরের ঘুম.
উত্সুক চোখ আর ক্যামেরার লেন্সে
বিদ্ধ হচ্ছে তোমার মৃত নগ্নতা;
নতুন করে ধর্ষিতা হচ্ছো, যদিও প্রাণহীন...
পোস্ট মর্টেম, হেডলাইন, কয়েকদিন...
তারপর.....      সেই তো বিস্মৃতি---

কিসের নেশায় তোমার যোনিতে রক্ত আজ ??
কোন অপরাধে গলায় বুকে কালশিটে ??



কেউ আমাকে একটা সাদা কাপড় দিতে পারো ???
পৃথিবীর কাছে আর কোনো চাওয়া নেই......

(Dedicated to the Eaternal Soul of my dear friend Saggy...)

Tuesday, August 2, 2011

সেই সব প্রেমের কবিতা - ২৩
















লালচে ধুলোয় ঢেকে গেছে পায়ের পাতা...

      শাল-পিয়ালের জংলি মেয়ে
      কি দেখছিস অমন চেয়ে ?
      ধরা দিয়েও পালিয়ে গেলি,
      এ কীরকম ব্যভার বটে ?
      ভাবছিস কি, আদর পাবি !
      দেখব কেমন পাগল জোটে...!
      আদরখাকি, এইবেলা আয়,
      উড়ব দুজন মাতাল হাওয়ায়...

শরীর জুড়ে লালচে সুখের হাতছানি,
তোমার ধুলোয় ঢাকতে চেয়ে, হাত-পা-মাথা
                                                        মুখখানি ... 

Friday, July 29, 2011

বউ কথা কও...

মাঝে মাঝে ভীষন বৃষ্টি হতে ইচ্ছে করে. ইচ্ছা করে সব্বাইকে স্নান করাব আমার ভালবাসায়; একসাথে আমার সব প্রিয় মানুষের স্পর্শ পাব..........










ঝরে যাব...
টুপ-টাপ    টুপ-টাপ
ঝরে যাব,
সব ধুলো ধুয়ে দিতে.
সব সবুজ আর কান্নায় মিশে যাব.
কিশোরীর মন ভাঙ্গা প্রথম অশ্রু
                                    মুছে দেবো....

একটা ছাতার নিচে কাক-স্নান
দুজনের, আনন্দে লজ্জায়---
সুখে থাক !

ঝরে যাব,
সূর্যাস্তের শেষ রং মেখে.
কনে দেখা আলোয়
স্নান সেরে আরো একবার
ডেকে উঠবে, বৌ-কথা কও......
                           বউ কথা কও...

Monday, June 6, 2011

শ্রাবণ...


বাতাসের চেয়ে দ্রুত, অস্থির কোলাহল
তোমার চলে যাওয়ার পশ্চাদগামী আজও.
চিন্হ থেকে চিন্হে সোপানে সোপান তোলে কারিগর মন.

মুহুর্তের ভালো লাগা আবেশে
স্বপ্ন-সুখ, স্বপ্ন-স্বপ্ন সুখ
আর দু-চোখের জলছবি ভেসে ওঠে মনে.

উপত্যকা-আরোহন-চুম্বন শেষে,
অসহ্য আল্হাদে একত্রিত ঝড়ে পড়া
তোমার যন্ত্রনাতে--আমার গভীরে, গোপনে.

এভাবেই শূন্য থেকে রূপ-আরোহন,
এভাবেই অভিপ্রেত নিশ্চিত আশ্রয়--
ভেঙ্গে গেল কোনো এক ঝড়ে, বাতাসের টানে.

অনিবার্য ধ্বংস রোমন্থন,
আর সমস্ত ভাবনা ছিঁড়ে-খুঁড়ে
অমলিন দু-চোখের পাতায়,
                                   অঝোর শ্রাবণ.....

Friday, June 3, 2011

যদি কিচ্ছু না, যদি সবকিছু...

যদি ইচ্ছে মতন বৃষ্টি
যদি যা ইচ্ছে অনাসৃষ্টি

যদি তোর সাথে এক রাত্রি
রাতের বৃষ্টিতে ভেজা যাত্রী

যদি তোর সাথে খুব প্রেম পায়
তোর আইলাইনারে  নেই সায়

যদি বৃষ্টির সোঁদা গন্ধে
মনের সাদা-কালো দ্বিধা-দ্বন্ধে

তোর লজ্জার ব্যথা ভেঙ্গে যায়
যদি লিপস্টিক ঠোঁটে ধুয়ে যায়

যদি আগুনে আমিও ঝাঁপ দি
তোর ফর্সা দু-পায়ে ঠোঁট দি

ফাটা ঠোঁট একা মসৃন পা-য়
এক আলোকবর্ষ সুখ পায়

পায়ে সর্ষের মত প্রেম যায়--
চোখ খুলে সেই একা বিছানায়

কাটা পেন্সিল শুধু পাক খায়
কাঁচা অক্ষর গুলো ধমকায়

তবু প্রেম পায়,  যদি প্রেম পায়...!